‘ফু ফাইটার্স’ ব্যান্ডের নতুন অ্যালবাম

রক সংগীতপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে মার্কিন ব্যান্ড ফু ফাইটার্স। ব্যান্ডটির প্রধান গায়ক ও ফ্রন্টম্যান ডেভ গ্রোল জানিয়েছেন, আগামী এপ্রিলেই নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে তারা।

এক বিজ্ঞপ্তিতে গ্রোল জানান, আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে ‘ইওর ফেভারিট টয়’ শিরোনামের নতুন অ্যালবামটি। একই দিনে অ্যালবামের টাইটেল ট্র্যাকটিও ইউটিউবে প্রকাশ করা হবে। অনলাইন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কাভার মিডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে গ্রোল বলেন, নতুন অ্যালবামের জন্য তারা ভিন্নধর্মী সাউন্ড খুঁজছিলেন এবং প্রায় এক বছর ধরে নানা ধরনের সঙ্গীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

তিনি জানান, অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে এবং সবগুলোই ব্যান্ডের সদস্যরা নিজেরাই প্রযোজনা করেছেন। অ্যাপল মিউজিক-কে দেওয়া সাক্ষাৎকারে গ্রোল বলেন, টাইটেল ট্র্যাকটিই প্রথম প্রকাশের সিদ্ধান্ত তারা সবাই মিলে নিয়েছেন। তার মতে, এই গানটিই অ্যালবামের বাকি গানগুলোর জন্য ‘স্প্রিংবোর্ড’ হিসেবে কাজ করবে এবং রেকর্ডিংয়ের সময়ই তারা বুঝতে পেরেছিলেন—এটি বিশেষ কিছু হতে যাচ্ছে।

২০২২ সালে ব্যান্ডটির দীর্ঘদিনের ড্রামার টেইলর হকিনস-এর মৃত্যুর পর দলে যোগ দেন জশ ফ্রিস। পরে ফ্রিস চলে গেলে কনসার্টে বাজানোর জন্য যোগ দেন ইলান রুবিন, যিনি নতুন অ্যালবামে মূল ড্রামারের ভূমিকায় রয়েছেন বলে নিশ্চিত করেছেন গ্রোল।

১৯৯৪ সালে কিংবদন্তি গায়ক কার্ট কোবেইন-এর মৃত্যুর পর বন্ধ হয়ে যায় গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানা। সেই বছরই ডেভ গ্রোল একক প্রচেষ্টায় গড়ে তোলেন ফু ফাইটার্স। ১৯৯৫ সালে প্রকাশ পায় তাদের প্রথম অ্যালবাম, এরপর গত তিন দশকেরও বেশি সময়ে তারা প্রকাশ করেছে আরও ১০টি অ্যালবাম। ‘ইওর ফেভারিট টয়’ হতে যাচ্ছে তাদের দ্বাদশ স্টুডিও অ্যালবাম।

বর্তমানে ফু ফাইটার্স তাদের ‘টেক কাভার ট্যুর’-এর বিরতিতে রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মেক্সিকোর লিওনে শুরু হওয়া এই কনসার্ট সিরিজটি ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

-বিথী রানী মণ্ডল