আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের সীমান্তবর্তী নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে আফগান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আফগানিস্তানের অভিযোগ ও হুঁশিয়ারি
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি বিমান বাহিনী সীমান্তসংলগ্ন এলাকায় হামলা চালিয়ে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক আবাসিক স্থাপনা ধ্বংস করেছে। তারা এই হামলাকে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে এর ‘উপযুক্ত ও কার্যকর’ জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান ভূখণ্ডে যেকোনো অনুপ্রবেশের পরিণতি সংশ্লিষ্ট পক্ষকে ভোগ করতে হবে।

পাকিস্তানের বক্তব্য: লক্ষ্য ছিল টিটিপি
অন্যদিকে, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর সাতটি ক্যাম্পকে লক্ষ্য করে ‘গোয়েন্দাভিত্তিক ও সুনির্দিষ্ট’ অভিযান চালিয়েছে। ইসলামাবাদের দাবি, সম্প্রতি ইসলামাবাদ, বাজাউর ও বান্নু জেলায় হওয়া আত্মঘাতী হামলাগুলোর পেছনে আফগানিস্তানভিত্তিক টিটিপি নেতৃত্ব জড়িত, যার ‘চূড়ান্ত প্রমাণ’ তাদের হাতে রয়েছে।

এই হামলা ও পাল্টা হুঁশিয়ারিকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে তীব্র সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

মোঃ আশরাফুল আলম