পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে একটি অগভীর নলকূপ দখল এবং স্থানীয় ইউপি সদস্যসহ ভূমিহীনদের ওপর হামলার ঘটনায় ধরইল মৎস্যজীবী পাড়ার প্রায় চার শতাধিক পরিবার অবরুদ্ধ ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কয়েকশ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
ঘটনার সূত্রপাত
স্থানীয়দের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি ধরইল গ্রামের রেজাউল, মজি ও নূর ইসলাম নামে কয়েকজন ব্যক্তি বিলকুড়ালিয়ার ভূমিহীনদের জমিতে স্থাপিত ইউপি সদস্য ওম্বর আলীর একটি অগভীর নলকূপ জবরদখলের চেষ্টা চালায়। এতে বাধা দেওয়ায় ওম্বর আলীর ছেলে শফিকুল ইসলামকে বেধড়ক মারধর করা হয়।
এর রেশ ধরে গত শনিবার আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় ইউপি সদস্য ওম্বর আলীর ওপরও হামলা চালানো হয়। বাবা-ছেলে দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
‘ধানের শীষে ভোট দেওয়াই অপরাধ?’
বিক্ষোভ সমাবেশে ভূমিহীন নেতারা অভিযোগ করেন, নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কারণেই তাদের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। কান্নাকাটি জড়িত কণ্ঠে সিমা খাতুন নামে এক নারী বলেন, “ধানের শীষে ভোট দেওয়াই কি আমাদের অপরাধ? আমাদের ছেলেমেয়েরা ভয়ে বাড়ির বাইরে যেতে পারছে না।”
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর থানা পুলিশ তাদের অভিযোগ নিতে গড়িমসি করেছে।
অভিযোগ অস্বীকার ও পুলিশের বক্তব্য
এদিকে, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ও রফিকুল ইসলাম তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, “উভয় পক্ষের কাছ থেকেই অভিযোগ পাওয়া গেছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”










