২০২৫ সালে ১৪ লাখ ভিসা ইস্যু, দক্ষ কর্মী নিতে আগ্রহী রিয়াদ
কূটনৈতিক প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ও সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ এই আগ্রহের কথা জানান।
ঐতিহাসিক সম্পর্কের স্মরণ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি স্মরণ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠা করেছিলেন এবং মুসলিম উম্মাহর ঐক্য জোরদারে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন।
শ্রমবাজার ও ভিসা পরিসংখ্যান
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ লাখ ৫০ হাজার কর্মভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে। তিনি উল্লেখ করেন, সৌদি আরবে চলমান বিশাল উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সেখানে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য আরও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যু
উভয় পক্ষ দুই দেশের ভূ-কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি সহায়তার কথা স্মরণ করেন এবং বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তার প্রশংসা করেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
দিনের শুরুতে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০-এর অধীনে যুবরাজের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগগুলোর প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।









