উৎসবমুখর ভোটের লক্ষ্যে ইসির নতুন সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রচারণায় ‘ক্যারাভ্যান’ বা বিশেষভাবে সজ্জিত ভ্রাম্যমাণ বাহন ব্যবহার করতে পারবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠিতে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনতে এই সুযোগ দেওয়া হয়েছে।
প্রার্থীরা যানবাহনের চতুর্পাশে ডিজিটাল প্রযুক্তি (এলইডি স্ক্রিন) অথবা সাধারণ পচনশীল সামগ্রী (ব্যানার, পোস্টার বা ফুল) ব্যবহার করে ক্যারাভ্যান তৈরি করতে পারবেন। তবে এই প্রচারণার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে কমিশন— “এমন প্রচারণাকালে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটানো বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”
ইসি ইতিমধ্যে দেশের সকল রিটার্নিং অফিসারকে এই সিদ্ধান্তের কথা অবহিত করেছে। একই সঙ্গে নির্বাচনী মাঠে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও এই নতুন নিয়ম সম্পর্কে দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে প্রার্থীরা এখন থেকে ট্রাক বা লরি সাজিয়ে আধুনিক ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ভোটারদের কাছে তাদের ইশতেহার ও বার্তা পৌঁছে দেওয়ার আইনি সুযোগ পেলেন।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, সনাতনী পোস্টার-ব্যানারের পাশাপাশি ক্যারাভ্যান প্রচারণার ফলে ভোটারদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে নির্বাচনী আমেজ বাড়বে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে প্রচারণার শেষ সময়ে প্রার্থীরা এখন ক্যারাভ্যান ব্যবহারে ঝুঁকে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।
লামিয়া আক্তার