জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ, শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৩ জন এবং নৌপথে ৭ জন প্রাণ হারিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। দেশের জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মোটরসাইকেলে মৃত্যু সবচেয়ে বেশি
প্রতিবেদনে বলা হয়েছে, মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশই মোটরসাইকেলের কারণে ঘটেছে। আর সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪০.৮৪ শতাংশই মোটরসাইকেল আরোহী বা এর সঙ্গে সংশ্লিষ্ট। দুর্ঘটনায় কবলিত যানবাহনের মধ্যে ২৮.৪৬ শতাংশই ছিল মোটরসাইকেল।

হতাহতের পরিসংখ্যান
জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭৯ জন শিক্ষার্থী, ৬৭ জন শিশু এবং ৬২ জন নারী রয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ সদস্য, ৯ জন শিক্ষক, ১৩১ জন চালক, ৫৩ জন পরিবহন শ্রমিক এবং ৮৯ জন পথচারীও প্রাণ হারিয়েছেন।

কোথায় বেশি দুর্ঘটনা?
পরিসংখ্যান বলছে, দুর্ঘটনার ৪২.৫৭ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে। এছাড়া আঞ্চলিক মহাসড়কে ২৭.৮৯ শতাংশ, ফিডার রোডে ২৪.০৯ শতাংশ এবং ঢাকা মহানগরে ৪.৫২ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার কারণ ও সুপারিশ
যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনার জন্য বেপরোয়া মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন ও বাতির অভাব, ট্রাফিক আইন অমান্য করা, এবং ফিটনেসবিহীন যানবাহনকে দায়ী করেছে। দুর্ঘটনা রোধে তারা দক্ষ চালক তৈরি, সিসি ক্যামেরাভিত্তিক প্রসিকিউশন চালু এবং চাঁদাবাজি বন্ধসহ ১৪ দফা সুপারিশ পেশ করেছে।

মোঃ আশরাফুল আলম