মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট-এর গেমিং বিভাগে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন ফিল স্পেন্সার। তিনি বর্তমানে কোম্পানিটির গেমিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, স্পেন্সার আগামী গ্রীষ্ম পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন, যাতে নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন হয়।
নতুন করে গেমিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকর্তা আশা শর্মা। এর আগে তিনি মাইক্রোসফটে এআই মডেল ও সেবার পণ্য উন্নয়ন কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, এক্সবক্স কনসোলের প্রতি নতুন করে জোর দেওয়া হবে এবং মূল গেমারদের আস্থা পুনর্গঠনে কাজ করা হবে।
এদিকে এক্সবক্স-এর প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা সারা বন্ড কোম্পানি ছাড়ছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি গেম কনটেন্ট ও স্টুডিও বিভাগের সাবেক প্রধান ম্যাট বুটি-কে পদোন্নতি দিয়ে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কনটেন্ট অফিসার করা হয়েছে। তিনি নতুন সিইও আশার্মার কাছে রিপোর্ট করবেন।
মাইক্রোসফট ২০২৩ সালে ৬৯ বিলিয়ন ডলারে ‘কল অব ডিউটি’ নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড-কে অধিগ্রহণ সম্পন্ন করে, যা ভিডিও গেম বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করে। তবে সাম্প্রতিক সময়ে শুল্কজনিত ব্যয় বৃদ্ধি, অনিশ্চিত ভোক্তা ব্যয় এবং তীব্র প্রতিযোগিতার কারণে গেমিং বিভাগ চাপে রয়েছে। ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির গেমিং আয় প্রায় ৯.৫ শতাংশ কমেছে।
বিশেষ করে সনি-এর প্লেস্টেশন কনসোলের সঙ্গে বাজার দখল ও এক্সক্লুসিভ গেম নিয়ে প্রতিযোগিতা তীব্র হয়েছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের এই সময়ে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রয়োজন। বিশ্লেষকরাও মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গেম ডেভেলপমেন্টে বড় ভূমিকা নিতে শুরু করায় এই নেতৃত্ব পরিবর্তন সময়োপযোগী সিদ্ধান্ত।
সূত্র:রয়টার্স
সাবরিনা রিমি/










