৯ এপ্রিল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সালমান শাহ

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আজ আদালতে কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। এর আগে গত ২০ অক্টোবর আদালতের নির্দেশে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার পর নতুন করে তদন্ত শুরু হয়।

সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীরের দায়ের করা এই মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনকে সরাসরি আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় আরও রয়েছেন: শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই। রুবি (মে-ফেয়ার বিউটি সেন্টার), ডেবিট, জাভেদ, ফারুক, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু মামলা করেছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। তবে সিআইডি ও পরবর্তীতে পিবিআই-এর তদন্তে সেটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হলেও পরিবার সবসময়ই তা প্রত্যাখ্যান করে আসছে। সবশেষ ২০ অক্টোবর ২০২৫-এ আদালত রিভিশন মঞ্জুর করে এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের ঐতিহাসিক নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের সেই দিনটিতে সালমানের বাসায় তার মা নীলা চৌধুরী ও বাবা উপস্থিত হলে তাদের জানানো হয় সালমান ঘুমাচ্ছেন। পরে প্রডাকশন ম্যানেজারের ফোনে খবর পেয়ে তারা এসে দেখেন সালমান নিথর পড়ে আছেন। তার গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখা গিয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরিবারের দাবি, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

লামিয়া আক্তার