বঙ্গোপসাগরে লঘুচাপ: সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস

বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে:
২৩ ফেব্রুয়ারি (সোমবার): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার): বৃষ্টির আওতা আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ ফেব্রুয়ারি (বুধবার): ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টি শুরু হওয়ার আগে আজ শনিবার ও আগামীকাল রোববার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই দুই দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৪ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি শুরু হলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ২৫ ফেব্রুয়ারির পর অর্থাৎ পাঁচ দিনের বর্ধিত সময়ের শেষ দিকে সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে, যা বসন্তের মাঝে হালকা শীতের আমেজ ফিরিয়ে আনতে পারে।
লামিয়া আক্তার