কয়েক দিন আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ প্রথমবার চুক্তির আওতায় এসেছেন। মুস্তাফিজুর রহমান ‘বি’ ক্যাটাগরিতে থাকায় সমালোচনার জন্ম দিয়েছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে নতুন কেন্দ্রীয় চুক্তি। এবার সর্বোচ্চ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার নেই। ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, মুস্তাফিজের মতো তারকা কেন ‘এ’ ক্যাটাগরিতে নেই। বিসিবি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।
তবে বিসিবি সূত্রের খবর অনুযায়ী, একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেছেন, “গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ দুর্দান্ত ছিল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার ফর্ম অব্যাহত ছিল। কিন্তু পুরো বছরে ওয়ানডে পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায় কিছুটা দুর্বলতা ছিল। ২০২৫ সালে ওয়ানডেতে ৮ ইনিংসে তিনি ৫.১৫ ইকোনমিতে ৫ উইকেট শিকার করেছিলেন।”
তিনি আরও জানান, “কেন্দ্রীয় চুক্তি করার সময় মূল প্রাধান্য দেওয়া হয় টেস্ট ক্রিকেটকে। যদি দেখেন, ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা সবাই টেস্ট খেলেছেন, তাসকিন ছাড়া। মুস্তাফিজ টেস্ট খেলেন না।” ২০২৫ সালে মুস্তাফিজ ২০টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে ৬.০৯ ইকোনমিতে ২৬ উইকেট নিয়েছেন।
বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে (বেতন ৮ লাখ) রয়েছেন: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
‘বি’ ক্যাটাগরিতে (বেতন ৬ লাখ) রয়েছেন: মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
‘সি’ ক্যাটাগরিতে (বেতন ৪ লাখ) রয়েছেন: সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
‘ডি’ ক্যাটাগরিতে (বেতন ২ লাখ) রয়েছেন: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন।
-এমইউএম










