ফের দর্শকের সামনে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অনিমেষ দত্ত

পর্দায় আবারও ফিরছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দাপুটে অফিসার অনিমেষ দত্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি কলকাতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেল জনপ্রিয় ওয়েব সিরিজ আবার প্রলয়-এর সিকুয়েল আবার প্রলয় ২-এর ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী ও প্রধান অভিনেতা শাশ্বত চ্যাটার্জিসহ সিরিজের অন্য কলাকুশলীরা।

ট্রেলার উন্মোচন শেষে আয়োজন করা হয় একটি বিশেষ কেক কাটার অনুষ্ঠান। তবে সেখানে ঘটে যায় এক মজার ঘটনা। সিরিজের কেন্দ্রীয় চরিত্র অনিমেষ দত্ত ওরফে শাশ্বতকে কেক কাটতে বলা হলে তিনি মজা করে বলেন, নিজের গলায় ছুরি চালাতে পারব না আমি। মূলত কেকের ওপর তার ‘অনিমেষ দত্ত’চরিত্রের ছবিই থাকায় তিনি এমন রসিকতা করেন। পরে অভিনেতা খরাজ মুখার্জি ও পরিচালক রাজ চক্রবর্তী মিলে কেকটি কাটেন।

আবার প্রলয়’সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্ত। নতুন ট্রেলারের শুরুতেই ইঙ্গিত দেওয়া হয়, অনিমেষ আর কাজে ফিরবেন না। কিন্তু শহরে বাড়তে থাকা অপরাধ, অরাজনৈতিক অরাজকতা ও সংগঠিত অপরাধচক্র দমনে শেষ পর্যন্ত তাকে আবারও মাঠে নামতে হয়। এবারের কাহিনিতে শুধু ডাকাতি নয়, বরং ডাকাতির আড়ালে থাকা বৃহৎ মাদকচক্রের মূল উৎখাতের মিশনে নামবে অনিমেষ ও তার টিম।

অনিমেষ দত্ত চরিত্রে শাশ্বত চ্যাটার্জির পাশাপাশি এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন খরাজ মুখার্জি, রোহান ভট্টাচার্য, পার্থ ভৌমিক ও জুন মালিয়া। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শ্রাবন্তী চ্যাটার্জির একটি নাচের দৃশ্য,পাশাপাশি শাড়ি পরে দারুণ সব অ্যাকশন স্টান্টে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।

পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত এই সিরিজটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ট্রেলারে থ্রিল, অ্যাকশন আর রহস্যের যে আভাস মিলেছে, তাতে নতুন সিজনটি আগের মতোই দর্শকদের মন জয় করবে এমন প্রত্যাশাই করছেন ভক্তরা।

-বিথী রানী মণ্ডল