নতুন সরকার গঠনের পর শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কুশলাদি বিনিময় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী পুরোনো অনেক কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে কাছে টেনে নেন এবং তাদের খোঁজখবর নেন।

দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অফিসে যোগদানের প্রথম দিনেই তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এর মাধ্যমে দাপ্তরিক কাজের সূচনা করে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
–লামিয়া আক্তার










