সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফ্লোরিডার জনপ্রিয় র্যাপার লিল পোপা আর নেই। গত বুধবার জর্জিয়ার আটলান্টা শহরে মাত্র ২৫ বছর বয়সেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফুলটন কাউন্টি মেডিকেল এক্সামিনারের দফতর।
জ্যানারিয়াস মাইকেল হুইলার নামে পরিচিত এই তরুণ শিল্পীর মরদেহ উদ্ধারের পর বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কী কারণে এই প্রতিশ্রুতিশীল শিল্পীর প্রাণহানি ঘটল, তা এখনো পরিষ্কার নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
জ্যাকসনভিল-এর বাসিন্দা এই র্যাপার নিজের প্রতিভার জোরে জায়গা করে নিয়েছিলেন কালেকটিভ মিউজিক গ্রুপ-এ। বিশেষ করে তার ‘ব্লেসেড আই গেস’ প্রজেক্ট এবং আন্ডার ইনভেস্টিগেশন’মিক্সটেপ সিরিজ তাকে শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তার প্রতিফলন ছিল স্পষ্ট শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখের বেশি। ও গট্টির মতো তারকাদের সঙ্গে কাজ করে মিউজিক চার্টেও তিনি বেশ সাড়া ফেলেছিলেন।
লিল পোপার এই আকস্মিক বিদায়ে স্তম্ভিত তার অনুরাগীরা। মৃত্যুর মাত্র কয়েক দিন আগেই নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন মিউজিক ভিডিও আউট অফ টাউন বেবি-র ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ভিডিও ক্লিপে আটলান্টা শহরের কথাও উল্লেখ করেছিলেন এই শিল্পী। কে জানত, যে শহরের নাম তার শেষ পোস্টে উঠে এসেছিল, সেখানেই চিরদিনের মতো থেমে যাবে তার জীবনের সুর।
বর্তমানে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা এই রহস্যমৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছেন। সংগীতপ্রেমীরা এখন অপেক্ষা করছেন ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট কবে প্রকাশ পায় এবং এই অকাল মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসে।
-বিথী রানী মণ্ডল










