নারায়ণগঞ্জে চাঁদাবাজি ইস্যুতে এনসিপির সংঘর্ষ আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ বলেন, ইয়াসিন আরাফাতের কোনো পদপদবি নেই। সে নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিল। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করে। এ বিষয়ে প্রতিবাদ করায় আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিল্পবকে রাস্তা থেকে ধরে নিয়ে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী তার মালিকানাধীন পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে আহত করেছে। সেইসঙ্গে আগামি ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ওসিসহ ডিউটি অফিসারের নম্বরে একাধিকবার ফোন করেও কাউকে পাওয়া যায়নি।

-সাইমুন