বিদ্যুৎ বিল নিয়ে সংঘর্ষ, ভাইয়ের হাতে ভাই নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে দুই ভাইয়ের হাতাহাতিতে একজন মারা গেছেন। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। এ ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করে জানান, একটি মিটারের মাধ্যমে আলমগীর ও খোরশেদ যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করেন। এতে দুজনেই ভাগাভাগি করে বিল পরিশোধ করে আসছেন। চলতি মাসের বিল দেওয়ার সময় আলমগীর ৫ টাকা কম দেয়। এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে আলমগীর চা পান করতে যায়। সেখানে খোরশেদসহ কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করে। এতে তিনি মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পুলিশ জানায়, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের ছাড়িয়ে নেয়। একপর্যায়ে খোরশেদ ঘটনাস্থল থেকে চলে গেলেও আলমগীর সেখানে ছিলে। পরিবারের ভাষ্যমতে, আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আলমগীর মারা যায়। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ হাসপাতালে আছে।

-সাইমুন