ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পাশের সড়কে ড্রেন খননের সময় বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার উদ্যোগে চলমান ড্রেন নির্মাণ কাজের অংশ হিসেবে ভারী যন্ত্র দিয়ে খনন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় অসতর্কতার কারণে বিদ্যালয়ের একটি অংশের দেয়াল ধসে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “ড্রেন খননের সময় হঠাৎ করে দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”
অভিভাবকরা বলেন, দ্রুত ভেঙে যাওয়া অংশ মেরামত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিনিধি বলেন, “কাজের সময় অনাকাঙ্ক্ষিতভাবে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।