বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু কানসাস সিটি। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। একটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়, পরেরটি সকাল ৮টায়। বিশ্বকাপ শুরুর আগেই বেকায়দায় পড়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তাকে দেশ ত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির একটি আদালত। কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে চলমান একটি মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়।
একই সঙ্গে আগামী ৫ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির জাতীয় কর সংস্থা ‘এআরসিএ’ তাপিয়ার বিরুদ্ধে কর ফাঁকি এবং সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অবৈধভাবে ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ এনেছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এএফএ তাদের খেলোয়াড় ও কর্মচারীদের পেনশনের অর্থ এবং সরকারি কর যথাযথভাবে পরিশোধ করেছে কি না। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কেবল তাপিয়া নন, এএফএর আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপরও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এএফএ আরও ইঙ্গিত দিয়েছে যে, বর্তমান প্রেসিডেন্ট জাভিয়ের মিলের সরকারের সঙ্গে ফুটবল ক্লাবগুলোর মালিকানা সংক্রান্ত আদর্শিক দ্বন্দ্বও এই পরিস্থিতির পেছনে ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য যে, প্রেসিডেন্ট মিলে ফুটবল ক্লাবগুলোকে পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে রূপান্তর করতে চাইলেও এএফএ তাতে বরাবরই বাধা দিয়ে আসছে।
বিশ্বকাপের ঠিক আগে এমন আইনি জটিলতা লিওনেল মেসিদের দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এজেইজায় এএফএর অনুশীলন মাঠের সামনে পুলিশের উপস্থিতি ফুটবলারদের মনস্তাত্ত্বিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আদালতের পরবর্তী শুনানি এবং তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে ক্লদিও তাপিয়া ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ। এই মুহূর্তে পুরো বিষয়টি দেশটির বিচার বিভাগ ও ফুটবল প্রশাসনের মধ্যকার এক বড় ধরণের স্নায়ুযুদ্ধে পরিণত হয়েছে।
আর্জেন্টিনা ফুটবলের এই অস্থিরতার সূত্রপাত হয়েছিল গত বছরের ডিসেম্বরে, যখন পুলিশ আচমকা এএফএর সদর দপ্তরে অভিযান চালায়। তবে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে যে, একটি প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে জনৈক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জেরে তাদের মানহানি করা হচ্ছে।
জয় উপহার দিয়ে কোচকে বিদায় দিল আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে বাড়ি ফিরছে আগেই বাদ পড়ে যাওয়া আফগানিস্তান। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারানো আফগানরা বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানে হারিয়েছে। বৃহস্পতিবার চেন্নাইয়ে কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামার আগে কোচ জনাথন ট্রটকে বিদায় দেয় তারা। এই ম্যাচ দিয়েই ট্রটের আফগানিস্তানের অধ্যায় শেষ হচ্ছে। তার হাত ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নবী, রশিদ, গুলবাদিনদের।
পারফরম্যান্স ভালো না হওয়াতে বিশ্বকাপের মিশনে তারা ব্যর্থ। তবে ট্রটকে খালি হাতে ফেরাননি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের পর কানাডার বিপক্ষেও হেসেখেলে জিতেছে আফগানিস্তান।
বৃহস্পতিবার চেন্নাইয়ে আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান ৪ উইকেটে ২০০ রান তোলে। জবাব দিতে নেমে কানাডা ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি। আফগানিস্তানের জয়ের নায়ক ওপেনার ইব্রাহিম জাদরান। ৫৬ বলে ৯৫ রান করেন ৭ চার ও ৫ ছক্কায়। আগের ম্যাচগুলোতে ঠিকঠাক জ্বলে উঠতে পারেননি জাদরান। শেষ ম্যাচে দলের চাওয়া পূরণ করেছেন। এছাড়া আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২০ বলে ৩০ রান করেন। তিনে নেমে গুলবাদিন নাইব ১ রানের বেশি করতে পারেননি।
চারে নেমে সেদিকুল্লাহ অতল ৩২ বলে ৪৪ রান করেন। এছাড়া আজমতউল্লাহ উমারজাই ১৩ ও দারউস রাসুল ৪ রান করেন। ইব্রাহিমের সেঞ্চুরি পাওয়ার সুযোগ ছিল। কিন্তু শেষ দিকে তেমন স্ট্রাইক পাননি তিনি।
কানাডার বোলারদের মধ্যে ৫২ রানে ৩ উইকেট নেন জাসকারান সিং।
জবাব দিতে নেমে কানাডার ব্যাটিং ভালো হয়নি। ত্রিশের ঘর পেরোতে পারেননি কেউ। বিশের ঘরে পেরিয়েছেন কেবল দুজন। সর্বোচ্চ ৩০ রান করেন হার্শ ঠাকের। ২৮ রান আসে সাদ বিন জাফরের ব্যাট থেকে। বাকিরা কেউই পারেননি অবদান রাখতে। অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ নবী ৭ রানে নেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন রশিদ খান।
৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে আফগানিস্তান। কানাডা ৪ ম্যাচের ৪টিই হেরেছে। এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সুপার এইটে উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান সুপার ওভারে হেরেছে। ওই ম্যাচটি জিততে পারলে গ্রুপের চিত্র পাল্টে যেত।
-মামুন










