ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী নয়াদিল্লি।
শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এসময় লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
জয়সওয়াল জানান, চিঠিতে ভারতের পক্ষ থেকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারণ করবে।
মুখপাত্র আরও বলেন, ভিসা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে।
এছাড়া, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভারত সরকারের নজর রয়েছে। জয়সওয়াল জানান, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করা হয়েছে।
-বেলাল










