হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন, যিনি ‘গ্রে’স অ্যানাটমি’ সিরিজে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন, মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার প্রতিনিধি মেলিসা ব্যাংক এই খবর নিশ্চিত করেছেন।
এরিক দীর্ঘ সময় ধরে এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক জটিল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন। গত বছর তিনি প্রথমবার এই বিরল রোগের কথা প্রকাশ্যে জানান। এ রোগের কারণে তার ডান হাতের কার্যক্ষমতা হারিয়েছিলেন। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অসুস্থতার তীব্রতা বেড়ে যাওয়ায় তিনি একটি সম্মাননা অনুষ্ঠান থেকেও সরে দাঁড়ান।
অসুস্থ থাকার পর থেকেই এরিক মানুষের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং গবেষণার কাজে নিজেকে যুক্ত করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।
এরিক ডেন শুধু ‘গ্রে’স অ্যানাটমি’তেই নয়, ‘ইউফোরিয়া’ সিরিজের ক্যাল জ্যাকবস চরিত্রের জন্যও প্রশংসিত ছিলেন। তার শেষ কাজগুলোর মধ্যে একটি প্রকল্পে তিনি এএলএস আক্রান্ত একজন অগ্নিনির্বাপক কর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। এরিক ডেনের অকাল মৃত্যু চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শূন্যতা তৈরি করল, আর ভক্তদের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
-বিথী রানী মণ্ডল










