আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক সোনালী অধ্যায় সূচিত করে আমাদের নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। এই গৌরবময় মুহূর্তে আমি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।
আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।
আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
-মামুন









