পূর্ব জেরুজালেমে উত্তেজনা, সেনা মোতায়েন ইসরায়েলের

ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসের শুরুতেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক সেনা মোতায়েন করেছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেএএন জানিয়েছে, রমজানের প্রথম দিন থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

রাষ্ট্রীয় সূত্রের খবর, মোতায়েনের লক্ষ্য হলো ফিলিস্তিনিদের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধ করা। পূর্ব জেরুজালেমের পুরাতন শহর, আল আকসা মসজিদ প্রাঙ্গণ এবং সিম লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া চরম পরিস্থিতির জন্য প্রস্তুতি হিসেবে হাজার হাজার নিরাপত্তা কর্মী মাঠে রাখা হয়েছে।

ইসরায়েল ঘোষণায় বলা হয়েছে, শুক্রবার সাপ্তাহিক জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি উপাসক অংশ নিতে পারবেন। তবে ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলো জানিয়েছে, রমজানকে সামনে রেখে পূর্ব জেরুজালেমে গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে এবং ইসলামিক ওয়াক্‌ফের কর্মী ও সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দিদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে মনে করে। ১৯৬৭ সালে শহরটি দখল এবং ১৯৮০ সালে সংযুক্তিকরণকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। গাজায় চলমান সংঘাতের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান, অবৈধ বসতি সম্প্রসারণ, বাড়িঘর ধ্বংস এবং বাস্তুচ্যুতি কার্যক্রম জোরদার করেছে।

-বেলাল