করাচিতে গ্যাস বিস্ফোরণে নিহত ১৩

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বৃহত্তম বন্দরনগরী করাচিতে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে পড়ে এবং আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান রিজওয়ান প্যাটেল জানান, বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজ শুরু করেন। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের নিচে কেউ জীবিত অবস্থায় আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে ধ্বংসাবশেষ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। পাকিস্তানের অন্যান্য এলাকার মতো করাচিতেও অধিকাংশ বাড়ি ও অ্যাপার্টমেন্টে রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। তবে গ্যাসের চাপ কম থাকায় অনেক পরিবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারও ব্যবহার করে থাকে।

এর আগে গত জুলাই মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে গ্যাস বিস্ফোরণে নবদম্পতিসহ আটজন নিহত হন। অতিথিরা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-বেলাল