পাথিরানার বিশ্বকাপ শেষ, শ্রীলঙ্কা নিলো বিকল্প পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের আগে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। চোটের কারণে দলের তারকা পেসার মাথিসা পাথিরানা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার বাম পায়ের কাফ মাংসপেশিতে টান ধরা পড়েছে, যা সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

পাথিরানা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেলেতে ম্যাচ চলাকালীন চোট পান। নিজের চতুর্থ বল করার পরই তিনি বাম পা চেপে ধরে মাটিতে বসে পড়েন এবং পরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ওই ইনিংসে তিনি আর বোলিং করতে পারেননি।

শ্রীলঙ্কার ব্যাটিং কনসালট্যান্ট বিক্রম রাঠৌর নিশ্চিত করেছেন যে, পাথিরানা টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন না। পাথিরানা শ্রীলঙ্কার সেরা ডেথ বোলারদের একজন এবং দলের সবচেয়ে গতিময় পেসার হিসেবে পরিচিত। তার অনুপস্থিতি নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা।

তার স্থলাভিষিক্ত হিসেবে দলে নেওয়া হয়েছে ২৫ বছর বয়সী পেসার দিলশান মাদুশঙ্কাকে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৫টি উইকেট। যদিও তার ইকোনমি রেট ৯.৭৫, যা কিছুটা ব্যয়বহুল।

মাদুশঙ্কা সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে টি-টোয়েন্টি খেলেছিলেন, যেখানে তিনি তিন ওভারে ৪৫ রান দেন। ইনজুরিতে জর্জরিত হওয়ার কারণে ২০২৪ ও ২০২৫ মৌসুমে তাকে একাধিকবার ছিটকে যেতে হয়েছে। তবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতে অনুষ্ঠিত আসরে তিনি ২১ উইকেট নিয়ে দলের অন্যতম সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।

-এমইউএম