তামিম নূরের চমক ‘বনলতা এক্সপ্রেস’

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন উন্মাদনা। গেল কোরবানির ঈদে ‘উৎসব’ দিয়ে বাজিমাত করা নির্মাতা তানিম নূর এবার নিয়ে আসছেন তাঁর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

‘উৎসব’ সিনেমা প্রচারণার শুরুতে চমক দিয়েছিলেন এই নির্মাতা। অভিনয়শিল্পীদের পরিচিত অনুষ্ঠানে তারকাদের মুখে ছিল বিশেষ এক ধরনের মুখোশ। যা বেশ নজর কেড়েছিল নেটিজেনদের। ট্রেলারও মুগ্ধ করে সিনেমাপ্রেমীদের। এবার ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কাস্টিং ও চরিত্র পরিচিতিতে নতুন চমক দিলেন তানিম নূর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুকে এক ভিডিওর মাধ্যমে সিনেমার তারকাদের পরিচয় করিয়ে দেন তানিম নূর। ৩৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশের পরপর সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছে।

ভিডিওতে দেখা গেছে একঝাঁক তারকা শিল্পীকে। শুরুতেই চিত্রা চরিত্রে নজর কেড়েছেন সাবিলা নূর। এরপর একে একে দেখা যায় শরিফুল রাজের (ডা. আশহাব), তমা মির্জার (আফিয়া), শ্যামল মাওলার (আজিজ) এবং ইন্তেখাব দিনারের (বড় চাচা)। জনপ্রিয় অভিনেত্রী আজমেরিকে দেখা যাবে সুরমা চরিত্রে।

সিনেমায় সবচেয়ে বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে পর্দায় আসবেন মোশাররফ করিম। সিনেমার বিশাল কাস্টিং লাইনআপ দেখে চলচ্চিত্র প্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তানিম লিখেছেন, “বনলতা এক্সপ্রেস’-এ যাত্রা শুরু করার জন্য তৈরি তো সবাই? এবার তবে যাত্রীদের সাথে পরিচয় হয়ে যাক।” সবশেষে হ্যাশট্যাগ দিয়ে ছবির নির্মাতা লিখেছেন, খাঁটি বাংলাদেশি ছায়াছবি।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটি চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মাহমুদ সালেহীন খান