বাংলাদেশে ‘মব কালচার’ আর কোনোভাবেই উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি-দাওয়া থাকলে তা যথাযথ ও আইনসম্মত প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে।
বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “মিছিল ও সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ করে ‘মব’ আকারে বন্ধ করা যাবে না।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই মানুষ সাধারণত পুলিশকে বোঝে। তবে এখানে আরও বিভিন্ন সংস্থা রয়েছে, যেগুলো সম্পর্কে সচেতনতা কম। আমি নির্দেশ দিয়েছি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে হবে। সবার দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না।
এ ছাড়া বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
-এমইউএম










