বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলাম আদালতের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এ কে এম শহিদুল ইসলাম বর্তমানে রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জামিন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় তিনি প্রকাশ্যে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এদিকে, ঘটনার পর বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানানো হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক ব্যবস্থার একটি মৌলিক অধিকার। শুধুমাত্র নিজের মত প্রকাশের কারণে একজন শিক্ষককে গ্রেপ্তার ও কারাবন্দি করা সমর্থনযোগ্য নয় বলে উল্লেখ করে তাঁর অবিলম্বে মুক্তির আহ্বান জানানো হয়।
আফরিনা সুলতানা/










