পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে সিন্ডিকেটের পুরনো রূপ ফিরে এসেছে। আকাশচুম্বী দামের কারণে ইফতারি ও সেহরির বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে লেবুর বাজারে; ভালো মানের এক হালি লেবুর দামে এখন এক ডজন ফার্মের ডিম পাওয়া যাচ্ছে।
লেবু ও সবজিতে ‘অস্বাভাবিক’ ঊর্ধ্বগতি
ইফতারিতে শরবতের চাহিদা বাড়ায় লেবুর দাম গত দুই সপ্তাহে দ্বিগুণেরও বেশি বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভালো মানের এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অর্থাৎ একটি লেবুর দামই পড়ছে ২৫ থেকে ৩০ টাকা। অথচ এক ডজন ডিমের দাম এখন ১১০ টাকা।
-
বেগুন ও শসা: ইফতারের প্রধান অনুষঙ্গ বেগুনি তৈরির জন্য প্রয়োজনীয় বেগুনের কেজি ঠেকেছে ৮০ থেকে ১২০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।
-
পেঁয়াজ ও মরিচ: পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ৬০ টাকায় এবং কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।










