সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম আর নেই

বাংলাদেশে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ–এর সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি. মাইলাম মারা গেছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক্সে পোস্ট করে মৃত্যুর খবর জানান যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও ফেসবুকে মাইলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি মাইলামের মেয়ে এরিকা মাইলাম–এর ইমেইলের বরাতে এ তথ্য জানান। এরিকা মাইলাম যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি–এর অধ্যাপক।

উইলিয়াম মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের দশকের শুরুর দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়ে তিনি এ দায়িত্বে ছিলেন।

গত বছর তিনি ঢাকা সফর করেন এবং অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে সাক্ষাৎ করেন। তার মৃত্যুতে কূটনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

-এমইউএম