আবারও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে সাইম আইয়ুব

বিশ্বকাপ চলাকালেই আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে আবারও পালাবদল হয়েছে। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও দুর্দান্ত বোলিং নৈপুণ্যে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাইম আইয়ুব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পুরুষ ক্রিকেটের হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের বিপক্ষে তিন উইকেট নিয়ে সাইম আবারও উঠে এসেছেন এক নম্বরে। তার উন্নতিতে এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

বিশ্বকাপের আগে শীর্ষে উঠেছিলেন সাইম। পরের সপ্তাহে তাকে সরিয়ে চূড়ায় ফেরেন রাজা। তবে নতুন হালনাগাদে আবারও বদলে গেছে অবস্থান। ক্যারিয়ার সেরা ৩০৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ২৩ বছর বয়সী সাইম। ২৯৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রাজা। ক্যারিয়ার সেরা ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে চারে আছেন নেপালের দিপেন্দ্র সিং আইরি ও আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, যদিও পাকিস্তানের বিপক্ষে তিনি শূন্য রানে আউট হন।

ওই ম্যাচেই দারুণ ইনিংস খেলে ভারতের আরেক ওপেনার ইশান কিষান ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে। ২২ ধাপ উন্নতি করে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন। তার সতীর্থ এইডেন মার্করাম ছয় ধাপ এগিয়ে ব্রায়ান বেনেটের সঙ্গে যৌথভাবে আছেন ১৫ নম্বরে। যুক্তরাষ্ট্রের সাইতেজা মুক্কামাল্লা ১৬ ধাপ এগিয়ে ২১ নম্বরে এবং ইংল্যান্ডের জেকব বেথেল ২২ ধাপ উন্নতি করে ৩২ নম্বরে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুন চক্রবর্তী। আফগানিস্তান অধিনায়ক রাশিদ খান এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন, তিনে নেমেছেন পাকিস্তানের আবরার আহমেদ। বিশ্বকাপে টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স।

এ ছাড়া ভারতের স্পিনার অক্ষর প্যাটেল চার ধাপ এগিয়ে ১৪ নম্বরে, পেসার জাসপ্রিত বুমরাহ ছয় ধাপ উন্নতি করে ১৫ নম্বরে আছেন। আয়ারল্যান্ডের স্পিনার ম্যাথু হামফ্রিজ ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩ নম্বরে।

-এমইউএম