যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে নতুন কমদামের একটি টিকিট ক্যাটাগরি চালু করেছে আয়োজকরা। মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ ডলার।
মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা ‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’ নামে সীমিতসংখ্যক টিকিট চালু করেছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ ডলার। এই টিকিট বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচের জন্যই প্রযোজ্য, এমনকি ফাইনাল ম্যাচেও।
ফিফা জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো, নিজ নিজ জাতীয় দলকে অনুসরণ করে বিশ্বকাপে ভ্রমণকারী সমর্থকদের আরো বেশি সহায়তা করা। ৬০ ডলার মূল্যের এই টিকিটগুলো কেবলমাত্র যোগ্যতা অর্জনকারী দলগুলোর সমর্থকদের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশনের বরাদ্দের ১০ শতাংশ এই ক্যাটাগরির টিকিট হবে।
তবে ফিফার এই সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নয় সমর্থক সংগঠনগুলো। ইউরোপভিত্তিক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) একে ‘অপর্যাপ্ত’ বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি জানায়, ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি, যা বিশ্বকাপের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।
সংস্থাটি ফিফার নতুন সিদ্ধান্তকে ‘সমালোচনার চাপে নেওয়া তুষ্টির কৌশল’ বলে মন্তব্য করেছে। তাদের মতে, এই ব্যবস্থায় প্রতি ম্যাচে মাত্র কয়েক শ সমর্থকই ৬০ ডলারের টিকিট পাবেন, বাকি সবাইকে আগের মতোই চড়া দামে টিকিট কিনতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী সমর্থক ও তাদের সহচরদের জন্য আলাদা কোনো ব্যবস্থার অভাব নিয়েও সমালোচনা করেছে এফএসই।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিফার ঘোষণাকে স্বাগত জানালেও এটিকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, বিশ্বকাপ যেন প্রকৃত সমর্থকদের নাগালের বাইরে না চলে যায়, সে জন্য ফিফাকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ফিফা জানিয়েছে, নকআউট পর্বের ম্যাচের টিকিট কিনে যদি কোনো দলের সমর্থক পরে দেখেন তার দল আগেই বাদ পড়েছে, তাহলে টিকিট ফেরতের সময় প্রশাসনিক ফি নেওয়া হবে না।
এমইউএম/










