অমর একুশে উদযাপন উপলক্ষ্যে ঢাবি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন  উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রস্তুতি সভা ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় যথাযথ মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম ও প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে অমর একুশে উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা ও সদস্য-সচিব প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন।

ঢাবি’র কর্মসূচি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকাল ৬:৩০টায় উপাচার্য ভবন সম্মুখস্থ ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে নেতৃত্ব দেবেন। মৌন মিছিল ও প্রভাতফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গমন করবে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, সকল অনুষদের ডিন, হল ও হোস্টোলসমূহের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ইনন্সিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, ডাকসু’র নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকাল ৬:১৫টায় স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

-বেলাল