মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যে সব সুযোগ সুবিধা পাবেন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; তার সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন সঙ্গী হয়েছেন। কারা তার মন্ত্রিসভায় থাকছেন তা নিয়ে যেমন আগ্রহ ছিল, তেমনি তারা বেতন ও সুবিধা কী থাকছে তা নিয়েও রয়েছে আলোচনা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেয়ার মধ্য দিয়ে সরকারের দায়িত্ব সামলানোর ভার চলে আসবে নতুনদের ওপরে। সেইসঙ্গে সরকারি সুযোগ-সুবিধার তালিকাপ্রাপ্তদের তালিকাতেও নাম উঠবে তাদের। তারেক রহমানের এবারের মন্ত্রিসভায় মন্ত্রী আছেন ২৫ জন, আর ২৪ জন প্রতিমন্ত্রী। তাদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণ করে দেওয়া আছে ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ এ। আইন অনুযায়ী বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন? বেতনের বাইরে তারা আর কী কী সুযোগ সুবিধা পান?

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ এবং সংসদের বিরোধীদলীয় নেতাও পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। আর হুইপরা ভোগ করেন প্রতিমন্ত্রী পদমর্যাদা।

প্রধানমন্ত্রীর বেতন ভাতা

দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা। প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করে সরকার।

মন্ত্রীর বেতন ভাতা

দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা।

এছাড়া একজন মন্ত্রী আরো যেসব সুবিধা পান: দৈনিক ভাতা দুই হাজার টাকা, নিয়ামক ভাতা মাসিক ১০ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে। এছাড়া সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন ও গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, আসবাবপত্র সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরণের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বীমা সুবিধা আট লাখ টাকা, সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন। এছাড়া অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন। এর পাশাপাশি উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব পাবেন। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা সহ আরো পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

প্রতিমন্ত্রীর বেতন ভাতা

প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এই আয়ের ওপর কোন কর নেই। এছাড়া তিনি আরো পাবেন দৈনিক ভাতা: দেড় হাজার টাকা, প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা: ৭ হাজার ৫০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৭ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন ও গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, আসবাবপত্র: সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে: বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরণের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ, উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব পাবেন। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা সহ আরো পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

উপমন্ত্রীর বেতন ভাতা

একজন উপমন্ত্রী বেতন পান ৮৬ হাজার ৫০০ টাকা। তাকেও বেতন ভাতার জন্য কোন কর দিতে হবে না। এছাড়া তিনি আরো পাবেন দৈনিক ভাতা দেড় হাজার টাকা, নিয়ামক ভাতা: পাঁচ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৫ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, আসবাবপত্র: সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে: বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরণের সেবা খাতের বিল, সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। এছাড়া একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, তারা আরো কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।

-হাসান