বাংলাদেশের সংসদ সদস্যদের বেতন-ভাতা ও রাষ্ট্রীয় সুবিধার তালিকা

বাংলাদেশে একজন সংসদ সদস্য (এমপি) কেবল আইন প্রণেতাই নন, বরং স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও শাসনের অন্যতম প্রধান নিয়ন্ত্রক। রাষ্ট্রপ্রদত্ত নির্দিষ্ট বেতন-ভাতার বাইরেও তারা নানাবিধ আইনি ও প্রশাসনিক সুবিধা ভোগ করেন। তবে ত্রয়োদশ সংসদের শপথ গ্রহণের পরপরই বিএনপি তাদের সংসদ সদস্যদের জন্য কিছু বিলাসধর্মী সুবিধা বর্জনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।
মাসিক বেতন ও নিয়মিত ভাতাসমূহ
আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রতি মাসে নির্দিষ্ট কিছু আর্থিক সুবিধা পান:
মূল বেতন: ৫৫,০০০ টাকা।
নির্বাচনী এলাকা ভাতা: ১২,৫০০ টাকা।
সম্মানী (আপ্যায়ন) ভাতা: ৫,০০০ টাকা।
পরিবহন ভাতা: ৭০,০০০ টাকা (জ্বালানি ও চালকের বেতনসহ)।
অফিস খরচ (নির্বাচনী এলাকা): ১৫,০০০ টাকা।
টেলিফোন ভাতা (বাসা): ৭,৮০০ টাকা।
লন্ড্রি ও ক্রোকারিজ ভাতা: ৭,৫০০ টাকা (সমন্বিত)।
বার্ষিক সুবিধা ও থোক বরাদ্দ
আর্থিক সুবিধার পাশাপাশি বার্ষিক কিছু বিশেষ বরাদ্দও দেওয়া হয়:
স্বেচ্ছাধীন তহবিল: ৫ লাখ টাকা (বার্ষিক)।
অভ্যন্তরীণ ভ্রমণ: ১,২০,০০০ টাকা (বার্ষিক)।
থোক বরাদ্দ: স্থানীয় অবকাঠামো উন্নয়নের জন্য প্রতি বছর ৫ কোটি টাকা (পাঁচ বছরে মোট ২৫ কোটি টাকা)।
নতুন সরকারের ‘ত্যাগ’: শুল্কমুক্ত গাড়ি ও প্লট বর্জন
সংসদ সদস্যদের অন্যতম আকর্ষণীয় সুবিধা হলো শুল্কমুক্ত (Duty-free) গাড়ি আমদানির সুযোগ। তবে গত ১৭ ফেব্রুয়ারি সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে, বিএনপির কোনো সংসদ সদস্য এই শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না। একইসাথে সরকারিভাবে কোনো প্লট বা ফ্ল্যাট গ্রহণ থেকেও তারা বিরত থাকবেন। জনগণের অর্থের সাশ্রয় এবং রাজনৈতিক নৈতিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সামাজিক ও প্রশাসনিক ক্ষমতা
বেতন-ভাতার চেয়েও সংসদ সদস্যদের বড় শক্তি হলো তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ। টিআইবির মতে, বর্তমানে এমপিদের ক্ষমতা কেবল আইন প্রণয়নে সীমাবদ্ধ নেই:
উন্নয়ন প্রকল্প: কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), বয়স্ক ভাতা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো প্রায় ৪০টি প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ প্রভাব থাকে।
প্রতিষ্ঠান পরিচালনা: এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা পর্ষদে এমপি বা তার মনোনীত ব্যক্তিদের একক আধিপত্য থাকে।
নিয়োগ প্রক্রিয়া: স্থানীয় প্রশাসনের নিয়োগ এবং পুলিশের ওপর সংসদ সদস্যদের অলিখিত নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে।
লামিয়া আক্তার