যে মন্ত্রণালয়গুলো সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দীর্ঘ ১৯ বছর ৩ মাস ১৯ দিন বিরতি শেষে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সরকার পরিচালনায় তিনি ৪৯ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করেছেন, যেখানে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি তরুণ নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের অধীনেই রেখেছেন। এগুলো হলো প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দপ্তর বণ্টন অনুযায়ী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন মীর শাহে আলম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে; প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন জোটের শরিক নেতা জোনায়েদ সাকি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলনকে; প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন ববি হাজ্জাজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন শামা ওবায়েদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জহির উদ্দিন স্বপন; প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাণিজ্য ও শিল্প মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রতিমন্ত্রী এম এ মুহিত দায়িত্ব পালন করবেন। কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমিন উর রশিদ; প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ ছাড়া পরিবেশ মন্ত্রী হিসেবে আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রী হয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু, প্রবাসী কল্যাণে আরিফুল হক চৌধুরী, পানিসম্পদে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম রিতা দায়িত্ব পালন করবেন। গৃহায়ণ ও গণপূর্তে জাকারিয়া তাহের সুমন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আসাদুল হাবিব দুলু দায়িত্ব পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে সাবেক তারকা ফুটবলার আমিনুল হক দায়িত্ব পালন করবেন।

-এমইউএম