ঢাকা-১২: বিজয়ী হলেন জামায়াতের সাইফুল আলম

বিএনপি জোটের প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে ঢাকা-১২ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মো. সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি–এর কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক, যিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

তৃতীয় অবস্থানে থাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন এবং দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটের হিসাবে জামায়াতের প্রার্থী সাইফুল আলম বিএনপি জোটের প্রার্থীর চেয়ে ২২ হাজার ৮১০ ভোট এবং স্বতন্ত্র সাইফুল আলমের চেয়ে ২৩ হাজার ৯০৪ ভোট বেশি পেয়েছেন। তবে সাইফুল হক ও সাইফুল আলম (স্বতন্ত্র)–এর সম্মিলিত ভোট দাঁড়ায় ৬০ হাজার ৮৩২, যা জামায়াত প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে বেশি।

শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ভোটসহ ১৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৩৭ শতাংশ।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঢাকা-১২ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৩১৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১২ জন। বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ২৬৮টি।

এ আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর মাহমুদুল হাসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট, জাতীয় পার্টি–এর সরকার মোহাম্মদ সালাউদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭০ ভোট, গণসংহতি আন্দোলন–এর তাসলিমা আক্তার মাথাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট, আমজনতার দল–এর তারেক রহমান প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–এর কল্লোল বনিক কাস্তে প্রতীকে পেয়েছেন ৪৫৩ ভোট।

-সাবরিনা রিমি