মাদারীপুরে বসতঘরে ককটেল হামলার অভিযোগ

মাদারীপুরের মস্তফাপুর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বসতঘরে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ছালমা বেগম জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তারা ঘুম থেকে জেগে ওঠেন। পরে বাইরে বের হয়ে বাড়ির সামনে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। এতে ঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি অভিযোগ করেন, সামছু সরদার ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বে মারামারির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তারা। আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দে তারা সতর্ক হয়ে বাইরে বের হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কিনা এবং এ বিষয়ে মামলা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

হাবিবুর রহমান সুমন,মাদারীপুর