সুপার এইটে কারা উঠেছে, কোন গ্রুপে কারা আছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইতোমধ্যে সাতটি দল জায়গা নিশ্চিত করেছে। শেষ একটি স্থানের জন্য লড়াই করছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র; নেদারল্যান্ডসের সম্ভাবনাও টিকে আছে, তবে তা অনেকটাই গাণিতিক হিসাবের ওপর নির্ভরশীল।

প্রথম পর্ব থেকে যারা নিশ্চিত

‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচেই জয় পেয়ে ভারত একমাত্র দল হিসেবে সুপার এইটে উঠেছে। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে জায়গা করে নিয়েছে। ক্যান্ডিতে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে জিম্বাবুয়ে পরের পর্বে ওঠে। এতে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছিটকে যায়।

‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘ডি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করেছে।

শেষ জায়গার লড়াই

শেষ স্পটের জন্য এখন মূল প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে পাকিস্তান জিতলে তারা উঠবে সুপার এইটে। হারলে তাদের বিদায় নিশ্চিত, আর সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।
নেদারল্যান্ডসেরও ক্ষীণ আশা আছে তবে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে এবং রান রেটে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে হবে।

আইসিসি আগেই সুপার এইটের জন্য আটটি দলকে বাছাই করে সম্ভাব্য গ্রুপ নির্ধারণ করে রেখেছিল। প্রথম পর্বে কে প্রথম বা দ্বিতীয় হলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেরা দুইয়ে থাকা।

আগে থেকে নির্ধারিত ছিল:

গ্রুপ ১:

  • ভারত (এ১)
  • অস্ট্রেলিয়া (বি১)
  • ওয়েস্ট ইন্ডিজ (সি১)
  • দক্ষিণ আফ্রিকা (ডি১)

গ্রুপ ২:

  • পাকিস্তান (এ২)
  • শ্রীলঙ্কা (বি২)
  • ইংল্যান্ড (সি২)
  • নিউজিল্যান্ড (ডি২)

তবে অস্ট্রেলিয়া বাদ পড়ায় তাদের (বি১) জায়গায় উঠেছে জিম্বাবুয়ে। একইভাবে পাকিস্তান বাদ পড়লে এ২ হিসেবে জায়গা নেবে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত পাকিস্তান, যুক্তরাষ্ট্র বা নেদারল্যান্ডস—যেই উঠুক না কেন, তারা খেলবে গ্রুপ ২–এ।

সেমিফাইনালের সমীকরণ

সুপার এইটে দুই গ্রুপের প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে গ্রুপ ১–এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ২–এর রানার্সআপের বিপক্ষে। একইভাবে গ্রুপ 2–এর শীর্ষ দল মুখোমুখি হবে গ্রুপ ১–এর রানার্সআপের।

সব মিলিয়ে, শেষ একটি জায়গা ঘিরেই এখন উত্তেজনা সবচেয়ে বেশি।

-এমইউএম