রাতে সংসদের সামনে কনসার্টে গান গাইবেন জেমস

কয়েক মাসের স্থবিরতার পর আবারও রাজধানীতে ফিরছে বড় আয়োজনের খোলা আকাশের কনসার্ট। নিরাপত্তাজনিত নানা শঙ্কায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনুষ্ঠান শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি; এমনকি অনেক ক্ষেত্রে দর্শকদের টিকিটের অর্থও ফেরত দিতে হয়েছে আয়োজকদের। সেই বিরতি কাটিয়ে এবার নতুন করে সংগীত উৎসবের আবহ তৈরি হচ্ছে রাজধানীতে।

নতুন সরকারের শপথ গ্রহণের দিন জাতীয় সংসদ ভবন–এর সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ এই কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে বড় পরিসরের এই সংগীতানুষ্ঠান ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস। তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন তিনি। দীর্ঘদিন পর এমন উন্মুক্ত কনসার্টে অংশ নিতে পেরে ব্যান্ডটির সদস্যরাও বেশ উচ্ছ্বসিত। তারা মনে করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পাবে লাইভ মিউজিকের পরিবেশ।

এই বিশেষ কনসার্টে আরও পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুটি ব্যান্ড—ওয়ারফেজ ও শিরোনামহীন। দুই ব্যান্ডই আশা করছে, আগামীর সরকার ব্যান্ড সংগীতের বিকাশে কার্যকর পদক্ষেপ নেবে এবং দেশ-বিদেশে আরও বেশি কনসার্ট আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।

দীর্ঘ বিরতির পর আবারও বড় পরিসরের এই কনসার্ট ঘিরে রাজধানীর ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। আয়োজকরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত করেই এই আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দর্শকরা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন প্রিয় শিল্পীদের গান।

-বিথী রানী মণ্ডল