উভয় পদেই শপথ নিলেন নির্বাচিত ৬ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন সংসদ সদস্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা কেবল সংসদ সদস্য হিসেবেই নয়, বরং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।

তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই এনসিপির অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। দলীয় সূত্র জানিয়েছিল যে, এনসিপির এমপিরা হয়তো সংস্কার পরিষদের শপথ বর্জন করতে পারেন। মূলত প্রধান বিরোধী দল বিএনপি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে যাওয়ায় এনসিপির মধ্যেও একই ধরণের চিন্তাভাবনা কাজ করছিল। তবে শেষ পর্যন্ত দলটি জামায়াতে ইসলামীর পথ অনুসরণ করে উভয় পদেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এনসিপি এবারের নির্বাচনে ৩.০৫ শতাংশ ভোট পেয়ে ৬টি আসনে জয়লাভ করেছে। ছোট দল হলেও রাষ্ট্র সংস্কার ও সংসদীয় বিতর্কে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, সকালে জামায়াতে ইসলামীও সংস্কার পরিষদের শপথ নিয়ে দ্বিধায় ছিল এবং প্রাথমিকভাবে শপথে না আসার কথা জানিয়েছিল। তবে দুপুরে জামায়াতের ৬৮ জন সংসদ সদস্য উভয় পদে শপথ নেওয়ার পর এনসিপিও তাদের কৌশল পরিবর্তন করে এবং পূর্ণাঙ্গ শপথ প্রক্রিয়ায় অংশ নেয়।

বিএনপি যেখানে বলছে সংবিধান সংস্কার পরিষদ এখনও সাংবিধানিকভাবে বিধিবদ্ধ হয়নি, সেখানে জামায়াত ও এনসিপির এই ‘ডাবল শপথ’ গ্রহণ প্রমাণ করে যে, রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে এই দলগুলো সরাসরি পরিষদের ভেতর থেকেই কাজ করতে চায়।

লামিয়া আক্তার