ডিজনির কালজয়ী ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। ২০১৭ সালে ‘ডেড মেন টেল নো টেলস’ মুক্তির পর থেকেই ষষ্ঠ কিস্তি নিয়ে নানা জল্পনা ছিল, যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তবে এবারের আয়োজনটি হতে পারে কিছুটা ভিন্নধর্মী।
সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে জনি ডেপের প্রত্যাবর্তন। শোনা যাচ্ছে, আইকনিক এই চরিত্রটি ফিরলেও এবার মূল কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন স্প্যারোর ছেলে। অর্থাৎ, নতুন প্রজন্মের হাতে ফ্র্যাঞ্চাইজির ব্যাটন তুলে দেওয়ার একটি পরিকল্পনা করছে ডিজনি। হলিউড ইনসাইডারদের মতে, ডিজনির নীতিনির্ধারকরা মূল ছবির সেই চিরচেনা নোনা পানির স্বাদ বজায় রেখেও এতে আধুনিকতার ছোঁয়া দিতে চাইছেন।
ডিজনি এবার ‘লো বাজেট, হাই ইমপ্যাক্ট’ নীতিতে এগোতে চাইছে। ২০১৭ সালের শেষ কিস্তিটি ব্যবসায়িকভাবে সফল হলেও (প্রায় ৮০০ মিলিয়ন ডলার) সমালোচকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল। ‘রটেন টমেটোজে’ মাত্র ৩০% রেটিং পাওয়ায় ফ্র্যাঞ্চাইজির মান নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই এবার হারানো গৌরব পুনরুদ্ধারই ডিজনির মূল লক্ষ্য।
এর চিত্রনাট্য লিখছেন অস্কার মনোনীত লেখিকা ক্রিস্টি উইলসন-কেয়ার্নস। আরও জানা গেছে, মার্গট রবি-র মতো হলিউড তারকাকে নতুন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। তবে ডিজনি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
নিয়মিত অভিনয় করেছেন জেফ্রি রাশ, অরল্যান্ডো ব্লুম, কিরা নাইটলি, এবং অতিথি চরিত্রে দেখা গেছে পেনেলোপে ক্রুজ, ইয়ান ম্যাকশেন, চৌ ইউন-ফ্যাটকে। তবে পরিচালক গোর ভারবিনস্কি নতুন কিস্তিতে ফিরবেন না। অরল্যান্ডো ব্লুম আগ্রহ প্রকাশ করেছেন পুরনো পাইরেটস দল একসঙ্গে ফিরে আসার জন্য।
-বিথী রানী মণ্ডল










