নির্মাতার মরদেহ উদ্ধার হোটেল থেকে

ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ডানা ইডেন মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গ্রীকের রাজধানী এথেন্সের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাতে সিনটাগমা স্কয়ারের ওই হোটেল থেকে ডানার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শেষে প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

ডানার কোম্পানি ‘ডানা অ্যান্ড শোলা প্রোডাকশনস’ এক বিবৃতিতে জানিয়েছে, তার মৃত্যু কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা জাতীয়তার কারণে হয়নি, যা গুজব রূপে প্রচারিত হয়েছে তা ভিত্তিহীন।

ডানা ইডেন অ্যাপল টিভির জনপ্রিয় সিরিজ ‘তেহরান’এর সহ-নির্মাতা ছিলেন। সিরিজটি মোসাদের এজেন্টকে কেন্দ্র করে নির্মিত। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও গাজার সংঘাতের পর সিরিজের চতুর্থ সিজনের শুটিং স্থগিত হয়েছিল। শুটিংয়ের জন্য গত ৪ ফেব্রুয়ারি ডানা এথেন্সে পৌঁছেছিলেন।

-বিথী রানী মণ্ডল