সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদদীন। তিনি বলেন, কোনো ধরনের বিদ্বেষমূলক বা প্রতিহিংসাপরায়ণ বক্তব্য যেন সামাজিক অবনতি সৃষ্টি না করে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক লাউঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও জবির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মো. রইছ উদদীন আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জবিতে সকল দল ও মতের মধ্যে যে ঐক্য বিদ্যমান ছিল, বিএনপি সরকার গঠনের পরও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। জবির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা সংযোজন এবং একাডেমিক পরিবেশের উন্নয়নে শিক্ষক সমিতি, সাদা দল ও ইউট্যাব ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার ও প্রতিষ্ঠাতার দর্শনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, এই দর্শনের ভিত্তিতেই সরকার গঠিত হবে এবং একই দর্শনের আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও গতিশীল ও অগ্রসরভাবে পরিচালিত হবে। তিনি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ও কোটি মানুষের প্রতিচ্ছবি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত সকল জাতীয় নির্বাচনের মধ্যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে শান্তিপূর্ণ, সংঘাতহীন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত একটি নির্বাচন। এ ধরনের স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের ইতিহাসে বিরল। নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিজয়ী হওয়ায় তিনি দলটিকে অভিনন্দন জানান এবং বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে।
অধ্যাপক ড. রইছ উদ্দীন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান গতানুগতিক রাজনীতির বাইরে এসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিএনপি চেয়ারম্যানের আহ্বানে আগামীর রাষ্ট্র পরিচালনায় যেন কোনোভাবেই কেউ নিগৃহীত না হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনা হবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে; একই ন্যায়পরায়ণতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে একটি আদর্শিক ও মডেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান ও কার্যকর উন্নয়নের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-বেলাল










