আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। সোমবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আরফানকে আউট করে এই কীর্তি গড়েন তিনি।
৬৯৯ উইকেট নিয়ে ম্যাচে নামা রশিদ আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আরফানকে হিট উইকেটের ফাঁদে ফেলেন। রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের স্টাম্পে ব্যাট লাগান আরফান। এর আগে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮ ও ৬৯৯তম উইকেট নিলেও আর কোনো সাফল্য পাননি আফগান অধিনায়ক। এই ম্যাচে আরফানকে ফেরানোর আগে ২০ বলে ১৭ রান দেন তিনি।
মাইলফলক ছোঁয়ার পরও বিশেষ কোনো উদযাপন করতে দেখা যায়নি রশিদকে। কারণ, সুপার এইটে উঠতে তার দলের জন্য এই ম্যাচ জেতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রশিদের পর আছেন সুনীল নারিন, তার সংগ্রহ ৬১৩ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ। আফগানিস্তানের হয়ে এই সংস্করণে তার উইকেট সংখ্যা ১৯১। তার পেছনে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।
-এমইউএম










