আইসিসি ইভেন্টে আবারও মুখোমুখি হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফলাফলও আগের মতোই একপেশে দাপটে জয় তুলে নিয়েছে ভারত। টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ব্যাটিংয়ে পাঠান সূর্যকুমার যাদবদের। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শেষ পর্যন্ত ৬১ রানে হেরে যায়।
ম্যাচ শেষে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন মনে করেন, টসের সিদ্ধান্ত ভুল ছিল না; বরং শেষ দুই পর্যায়ে কৌশলগত ভুল ও খারাপ সিদ্ধান্তই পরাজয়ের কারণ। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ–র গতিময় সুইং ইয়র্কারে সাইম আইয়ুব পরাস্ত হন। অন্যদিকে সাহিবজাদা ফারহান, সালমান আগা ও বাবর আজমের শট নির্বাচনে ছিল দ্বিধা ও ভুল পরিকল্পনার ছাপ।
হেসন বলেন, প্রতিপক্ষের চাপে পড়ে দল পরিকল্পনা থেকে সরে গেছে। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে চাপের মুহূর্তে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে না পারলে সাফল্য পাওয়া কঠিন। টুর্নামেন্টে এগোতে হলে এ জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, ভারত প্রত্যাশার চেয়ে প্রায় ২৫ রান বেশি করেছে। লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানি ব্যাটাররা অযথা অতিরিক্ত ঝুঁকি নিয়েছেন, যা উইকেটের সঙ্গে মানানসই ছিল না। সিংহলিজ স্টেডিয়ামের মতো দ্রুতগতির উইকেট হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি করেন হেসন। তার ভাষ্য, পিচ নরম ছিল এবং প্রথম ইনিংসে বল বেশি স্পিন করেছে। তাই সমস্যাটা সিদ্ধান্তে নয়, বাস্তবায়নে।
এই হারের পর পাকিস্তান শিবিরে হতাশা ছড়িয়ে পড়েছে। তবে দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন কোচ।
গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্টেডিয়ামে নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই। ভারতের কাছে হারের পর পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেছে সালমানের দল, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।
-এমইউএম










