আজ ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশ্বের বিভিন্ন শহরে ক্রমেই বেড়ে চলেছে বায়ুদূষণ, আর দীর্ঘদিন ধরেই এর প্রভাব ভোগ করছে মেগাসিটি ঢাকা। কিছুদিন আগে বায়ুমানের সামান্য উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণ বৃদ্ধি পেয়েছে।

সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, ২২৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

একই সময়ে ৩০২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (২৮৪), তৃতীয় অবস্থানে মিশরের রাজধানী কায়রো (২৫৫), চতুর্থ স্থানে কাতারের রাজধানী দোহা (২৫১) এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি, যার স্কোর ২২৭।

একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে চলাফেরা সীমিত রাখতে বলা হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

-এমইউএম