কারাগারে থেকেও প্রেমের বার্তা, জ্যাকলিনের জন্য হেলিকপ্টার কিনলেন সুকেশ

আর্থিক প্রতারণার মামলায় কারাগারে বন্দি থাকলেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ–এর প্রতি ভালোবাসা কমেনি কথিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর–এর। এবারের বিশ্ব ভালোবাসা দিবসেও আলোচনায় এসেছেন তিনি, জ্যাকলিনকে বিলাসবহুল একটি হেলিকপ্টার উপহার পাঠানোর খবর সামনে আসায়।

জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে কারাগার থেকেই জ্যাকলিনের উদ্দেশে একটি আবেগঘন প্রেমপত্র পাঠান সুকেশ। সেখানে তিনি অভিনেত্রীকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা তুলে ধরেন। চিঠিতে তিনি লেখেন, “দীর্ঘদিন তোমাকে না দেখে আমার অবস্থা যেন মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো।” একই সঙ্গে জ্যাকলিন যে আইনি জটিলতার মধ্যে পড়েছেন, সে জন্য ক্ষমা চেয়ে সুকেশ বলেন, “দূরত্ব থাকলেও আমাদের প্রেমই আমাদের মধ্যে সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।”

চিঠিতে আরও তিনি দাবি করেন, জ্যাকলিনের হৃদয়ে অন্য কোনো পুরুষের জায়গা নেই। এমনকি তিনি এই সম্পর্ককে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন। যদিও এর আগে একাধিকবার জ্যাকলিন ফার্নান্দেজ প্রকাশ্যে জানিয়েছেন, সুকেশের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই এবং তিনি এসব দাবি অস্বীকার করে আসছেন।

ভালোবাসা দিবসের বিশেষ উপহার হিসেবে পাঠানো কালো রঙের বিলাসবহুল হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে বলে জানা গেছে। সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের সুবিধার জন্যই তিনি এই উপহারটি পাঠিয়েছেন। তিনি আরও দাবি করেন, হেলিকপ্টারটি তার ‘কষ্টার্জিত’ অর্থ দিয়েই কেনা হয়েছে, কোনো অপরাধের টাকায় নয়।

এটি অবশ্য প্রথমবার নয়। গত বছরও ভালোবাসা দিবসে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সুকেশ। তবে সেই সময়ও বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপির জালিয়াতি মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। মামলাটি ঘিরে একাধিক তারকার নামও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। সেই প্রেক্ষাপটে জ্যাকলিন ফার্নান্দেজও আইনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। যদিও তিনি বারবার নিজের নির্দোষিতা দাবি করে আসছেন এবং সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

সব মিলিয়ে, কারাগারে থেকেও সুকেশের এমন বিতর্কিত ‘ভালোবাসা’ এবং বিলাসী উপহার পাঠানোর ঘটনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে এই দু’জনের নাম।

-বিথী রানী মণ্ডল