কলকাতার বহুতল ভবনে তারকা দম্পতির অ্যাপার্টমেন্টে আগুন

ভারতীয় বাংলা সিনেমার তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তর অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর পাশে অবস্থিত বহুতল ভবনের পঞ্চম তলায় আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় অ্যাপার্টমেন্টে বসবাস করছিলেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, পরিচালক শুভ্রজিৎ মিত্রসহ আরও কিছু তারকা। প্রাণ রক্ষার জন্য তারা বাকি বাসিন্দাদের সঙ্গে মিলিত হয়ে দ্রুত রাস্তায় নেমে আসেন। যশ-নুসরাত দুই শিশু সন্তানকে নিয়ে নিরাপদে নিচে আসতে সক্ষম হন।

নুসরাত জাহান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন।

পরিচালক শুভ্রজিত মিত্রের বর্ণনা অনুযায়ী, পঞ্চম তলার এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পূজা চলছিল। প্রদীপ জ্বালিয়ে আরতি করার পর তারা তা নিভিয়ে না দিয়ে নিচে চলে যান। সম্ভবত তাদের অনুপস্থিতিতে প্রদীপ থেকে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে।

-বিথী রানী মণ্ডল