ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবন এখন পুরোপুরি প্রস্তুত। আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এবং দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভাও সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে।
সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন।
নিরাপত্তা ব্যবস্থা: শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
সংস্কার ও সাজসজ্জা: গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত সংসদ ভবনের বিভিন্ন অংশ মেরামত করা হয়েছে। এমপিদের জন্য বরাদ্দকৃত কক্ষ ও হোস্টেলগুলো ধোয়া-মোছা ও নতুনভাবে সাজিয়ে বাসোপযোগী করা হয়েছে।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়ের মিত্র জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।
-মামুন










