পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি এক বাণীতে এ শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এটি মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ এবং ক্ষমা প্রাপ্তির সুযোগ এনে দেয়।”
ড. ইউনূস আরও বলেন, “রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতা শিক্ষা দেওয়া হয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।”
তিনি উদ্বুদ্ধ করেন, “আমরা রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ভোগ বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।”
শেষে তিনি প্রার্থনা করেন, “মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।”
-এমইউএম










