নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৩, আহত ৩ শতাধিক: এইচআরএসএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দিনে দেশের ৩০টি জেলায় ২ শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন এবং আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি।

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে নিহত হয়েছে একটি শিশু। আর নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এইচআরএসএস জানিয়েছে, এসব সহিংসতায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা জড়িত ছিলেন। এ ঘটনায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

-এমইউএম